রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া সনটেক এলাকায় আজ বৃহস্পতিবার জাল পাসপোর্ট তৈরির কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোপন সূত্রে খবর পেয়ে ডিবির একটি দল আজ ভোর পাঁচটার দিকে দনিয়া সনটেক এলাকার তিতুমীর সড়কে জাল পাসপোর্ট তৈরি চক্রের প্রধান শাহজাহানের ভাড়া বাসায় অভিযান চালায়। ওই সময় তারা শাহজাহান (৪৮) ও তাঁর সহযোগী আবদুল মালেককে (৩৫) গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় লুকিয়ে রাখা পাসপোর্ট তৈরির বিপুল পরিমাণ কাগজ, পাসপোর্ট তৈরিতে ব্যবহূত বিশেষ কিছু যন্ত্র এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অভিবাসন (ইমিগ্রেশন) কর্মকর্তা ও দেশি-বিদেশি ভিসা তৈরির সিলসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে ডিবি পুলিশ।
ডিবির সহকারী কমিশনার নাসিরউদ্দিন খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া শাহজাহান ও মালেক জিজ্ঞাসাবাদে বলেছেন, ‘তাদের সহযোগীরা জাল পাসপোর্ট রোহিঙ্গাদের কাছে বিক্রি করে। রোহিঙ্গারা একেকটি জাল পাসপোর্ট ৬০ হাজার টাকায় কিনে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যায়।’ তিনি আরও বলেন, ‘জাল পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
No comments:
Post a Comment